চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ কার্যালয় পরিদর্শনে এমপি নূরুল ইসলাম
সোমবার, ২২ জুন, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। এ সময় তিনি সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পুরো প্রক্রিয়া সহজীকরণ, সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিআরটিএ কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে বর্তমান সেবা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।
এ সময় তিনি লাইসেন্স প্রত্যাশী পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। পরীক্ষার্থীরা বিভিন্ন ধরনের ভোগান্তি ও সেবা প্রাপ্তির চ্যালেঞ্জ তুলে ধরেন।
পরে তিনি ড্রাইভিং লাইসেন্স কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ডিডির সঙ্গে সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
সংসদ সদস্য বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও সহজে সরকারি সেবা পেতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি একটি জনবান্ধব সেবা পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
পরিদর্শনকালে বিআরটিএর কর্মকর্তা, কর্মচারী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
১২৪ বার পড়া হয়েছে