মালয়েশিয়ায় তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা, পরে দুই প্রধানমন্ত্রীর বৈঠক
সোমবার, ২২ জুন, ২০২৬ ৪:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে রাষ্ট্রীয় সফরে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পুত্রজায়ায় আনুষ্ঠানিক অভ্যর্থনা গ্রহণ করেছেন। পরে দুই নেতা একান্ত বৈঠকে মিলিত হন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, কর্মসংস্থান, শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে সোমবার সকালে পুত্রজায়ার পেরদানা পুত্রা ভবনে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় কুয়ালালামপুরের শাংগ্রি লা হোটেল থেকে মোটর শোভাযাত্রায় রওনা হয়ে তিনি ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান সকাল ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান।
পেরদানা পুত্রা ভবনে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তাঁর সহধর্মিণী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠানে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন।
আনুষ্ঠানিকতা শেষে দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধিদলের সদস্যদের পরিচয় করিয়ে দেন। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান।
স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় পেরদানা পুত্রা ভবনের পঞ্চম তলায় দুই নেতা একান্ত বৈঠকে বসেন। একান্ত বৈঠকের পর শুরু হওয়ার কথা রয়েছে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলীয় বৈঠক, যেখানে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ নিজ দলের নেতৃত্ব দেবেন।
বাংলাদেশের প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন এবং পররাষ্ট্রসচিব আসাদ আল সিয়ামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
পররাষ্ট্রসচিব জানিয়েছেন, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, জনশক্তি রপ্তানি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনযোগাযোগ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে মধ্যাহ্নভোজে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে। এ উপলক্ষে মালয় ও বাংলা ভাষার গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুত্রজায়ার প্রধান সড়কগুলোতে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা টাঙানো হয়।
এর আগে রোববার রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর।
১১৮ বার পড়া হয়েছে