কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও, আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারের দাবি
সোমবার, ২২ জুন, ২০২৬ ৫:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। পরে তারা থানার সামনে অবস্থান নিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেন।
এই কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, ইবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল বাদশা, পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াকার পারভেজ জীবন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামির হোসেনসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। তারা দাবি করেন, অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসনের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।
এছাড়া তারা অভিযোগ করেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদকে সামাজিক মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে, তবে এ বিষয়ে এখনো যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। বক্তারা আগামী সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে এবং প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেছে। পুলিশ তাদের আশ্বস্ত করেছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১১৭ বার পড়া হয়েছে