প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার পথে
রবিবার, ২১ জুন, ২০২৬ ৯:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার চার মাস পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুই দিনের এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, জ্বালানি সহযোগিতা ও শ্রমবাজারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সফর শেষে তিনি চীন সফরে যাবেন।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার দুপুর পৌনে ৩টায় বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুই দিনের এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
তিনি বলেন, বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা ওসমান, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় চার মাস পর এটিই তারেক রহমানের প্রথম বিদেশ সফর।
সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ মোট ২৩ জন প্রতিনিধি।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম গত শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, মালয়েশিয়া সফরে সাংস্কৃতিক বিনিময় এবং মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ দলিল সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, মালয়েশিয়ায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। পরদিন পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক এবং পরে দুই দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে থাকবে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, বাংলাদেশি কর্মী নিয়োগ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জন-যোগাযোগ খাতে সহযোগিতা বৃদ্ধি। পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণের বিষয়ও গুরুত্ব পাবে।
পররাষ্ট্র সচিব আরও জানান, বাংলাদেশকে আসিয়ানের ডায়ালগ পার্টনার এবং আঞ্চলিক অর্থনৈতিক জোট আরসেপে অন্তর্ভুক্তির বিষয়ে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে।
মালয়েশিয়ার সফর শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হবেন। প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী, ২২ জুন তিনি কুয়ালালামপুর থেকে দালিয়ানের উদ্দেশে যাত্রা করবেন।
চীন সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ২৬ জুন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে একই দিন তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
১১৮ বার পড়া হয়েছে