ফ্লোরিডায় ট্রাকের ধাক্কায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু
রবিবার, ২১ জুন, ২০২৬ ৯:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় কবির হোসেন মৃধা (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, তাঁর মরদেহ দেশে এনে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাকের ধাক্কায় কবির হোসেন মৃধা (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের মৃত মেছের উদ্দিন মৃধার ছোট ছেলে।
নিহতের স্বজন হেমায়েত হাওলাদার জানান, প্রায় ১৫ বছর আগে ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কবির হোসেন। সেখানে তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং পরিবারসহ বসবাস করতেন।
পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, গত ২০ জুন সকালে (স্থানীয় সময়) নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি দ্রুতগতির ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কবির হোসেনের স্ত্রী ও এক ছেলে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, জীবদ্দশায় তাঁর ইচ্ছা ছিল মৃত্যুর পর নিজ গ্রামের বাড়িতে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত হওয়ার। সেই ইচ্ছা অনুযায়ী মরদেহ বাংলাদেশে এনে পারিবারিক কবরস্থানে দাফনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের বাড়িতে চলছে শোকাহত মানুষের আনাগোনা।
১২০ বার পড়া হয়েছে