কুষ্টিয়ায় অধ্যাপক মোসলেম হত্যা: বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
রবিবার, ২১ জুন, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মরহুম মোসলেম উদ্দিনের হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন কলেজটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। আজ সকালে কলেজ গেটের সামনে আয়োজিত কর্মসূচি থেকে দ্রুত তদন্ত, আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মোসলেম উদ্দিনের হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ শনিবার কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘কুষ্টিয়া সরকারি কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অধ্যাপক মোসলেম উদ্দিনের ওপর হামলা ও তাঁর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তব্য দেন কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী তৌফিক ডলার, অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন অব কুষ্টিয়া গভ. কলেজের সদস্যসচিব দেওয়ান আখতারুজ্জামান এবং বর্তমান শিক্ষার্থী মো. নাজমুস সাকিবসহ অন্যান্য শিক্ষার্থী।
বক্তাদের দাবি, গত ১৭ জুন কুষ্টিয়া সদরের জিয়ারখি এলাকার ডাক্তারপাড়ায় অধ্যাপক মোসলেম উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে ১৯ জুন সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একজন প্রবীণ ও সম্মানিত শিক্ষকের এমন মৃত্যু সমাজের জন্য উদ্বেগজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
কর্মসূচি থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—ঘটনার সঙ্গে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সকল ব্যক্তিকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত চার্জশিট দাখিল করা এবং দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
এ সময় শিক্ষার্থীরা এবং মরহুমের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
১২৪ বার পড়া হয়েছে