কুয়াকাটার আবাসিক হোটেলে মাদকবিরোধী অভিযান: ৭ যুবকের কারাদণ্ড
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৯:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলে গভীর রাতে অভিযান চালিয়ে মাদকসহ সাত যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। কলাপাড়া উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই যৌথ অভিযানে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। পর্যটন নগরীকে মাদকমুক্ত রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে কুয়াকাটার আবাসিক হোটেল ‘সি অ্যাডভেঞ্চার ইন’-এ এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। অভিযানে সহযোগিতা করে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় হোটেল কক্ষ থেকে ২৫টি ইয়াবা বড়ি, ৫০ গ্রাম গাঁজা এবং এক বোতল হুইস্কি উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আটককৃতদের সাজা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. আরিফ বেপারী (২২) ও মো. হাসান মৃধাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত এই দুই যুবকের বাড়ি স্থানীয় খাজুরা ও তুলাতলী এলাকায়।
একই অভিযানে আটক রাজবাড়ী, ঝালকাঠি ও মহিপুরের বাসিন্দা অন্য পাঁচ যুবক নিরব প্রামাণিক (২১), মো. সায়েদ ইসলাম (২০), মো. হাসিবুল ইসলাম (১৯), মো. বাপ্পি (১৯) এবং মো. বিল্লালকে (২২) ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাদের আরও তিন দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। মাদক উদ্ধার ও সেবনের ঘটনায় কলাপাড়া থানায় একটি নিয়মিত মামলাও দায়ের করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাদকসেবী ও বিক্রেতাদের আইনের আওতায় আনা হয়েছে। সমুদ্রসৈকত কুয়াকাটার পর্যটন পরিবেশ সুন্দর ও মাদকমুক্ত রাখতে আগামীতেও এই ধরনের কঠোর ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
১১৮ বার পড়া হয়েছে