পাঁচবিবি সীমান্তে পুশ-ইন হওয়া ভারতীয় বৃদ্ধকে ফিরিয়ে নিল বিএসএফ, এলাকায় স্বস্তি
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ২:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে পুশ-ইন হওয়া এক ভারতীয় বৃদ্ধ নাগরিককে অবশেষে ভারতে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার রাত ৯টার দিকে তাকে মথুরাপুর এলাকায় ফিরিয়ে নেওয়ার পর সীমান্ত এলাকায় বিরাজমান উত্তেজনা প্রশমিত হয় এবং স্বস্তি ফিরে আসে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানিয়েছে, গত রবিবার সকালে হাটখোলা সীমান্ত দিয়ে পাঁচজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। স্থানীয়দের সহায়তায় বিজিবি তাৎক্ষণিকভাবে চারজনকে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে সক্ষম হলেও একজন বৃদ্ধ সীমান্তের কাছাকাছি আটকা পড়ে।
পরিস্থিতি নিয়ে তখন সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বিজিবি ওই বৃদ্ধকে ফেরত পাঠানোর চেষ্টা করলে বিএসএফ বাধা দেয় এবং তাকে সীমান্ত এলাকার একটি ডোবার পাশে অবস্থান করায়। এ সময় উভয় বাহিনীর মধ্যে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় বলে জানা যায়।
পরবর্তীতে রবিবার রাত সাড়ে ৯টার দিকে বিএসএফ সদস্যরা সার্চ লাইট বন্ধ রেখে ওই বৃদ্ধকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এরপর থেকেই হাটখোলা সীমান্ত এলাকায় পরিস্থিতি শান্ত হয়।
হাটখোলা সীমান্তের কোম্পানি কমান্ডার আনিছুর রহমান বলেন, পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হলেও এখন স্বাভাবিক রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে এবং স্থানীয়দের সহযোগিতাও অব্যাহত আছে।
স্থানীয় কৃষকরা জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশ-ইন নিয়ে আতঙ্ক তৈরি হলেও সর্বশেষ ঘটনায় দ্রুত সমাধান আসায় স্বস্তি ফিরেছে এলাকায়।
১১৫ বার পড়া হয়েছে