ধামরাইয়ে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা, বিজয়ী আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ২:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে শিক্ষার্থীদের মধ্যে সততা ও দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। প্রতিযোগিতায় কুশুরা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়েছে আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ঢাকার ধামরাইয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কুশুরা উচ্চ বিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা অংশ নেন।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় যুক্তি ও উপস্থাপনায় এগিয়ে থেকে বিজয়ী হয় আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাহানুর ইসলাম রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন।
এ সময় উভয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ ও দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১১৬ বার পড়া হয়েছে