কুয়াকাটায় অবৈধ বালু উত্তোলন: যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড
শনিবার, ১৩ জুন, ২০২৬ ২:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকতের লেম্বুরবন এলাকায় স্কেভেটর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মহিবুল্লাহ (৩৮) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার দুপুর দেড়টার দিকে কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এ দণ্ডাদেশ প্রদান করেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, কোনো ধরনের অনুমতি ছাড়াই সৈকত এলাকা থেকে বালু উত্তোলনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারায় অভিযুক্তকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, প্রভাবশালী মহলের তত্ত্বাবধানে কুয়াকাটার নির্মাণাধীন মেরিন ড্রাইভ সড়কের কাজে ব্যবহারের জন্য সৈকত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকে করে সরবরাহ করা হচ্ছিল। বিষয়টি স্থানীয় সচেতন নাগরিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরলে প্রশাসনের নজরে আসে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই যুবককে দণ্ড দেওয়া হয়।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত স্কেভেটর ও ট্রাক জব্দ করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
১৩০ বার পড়া হয়েছে