বীরমুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগে উত্তেজনা: আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষার দাবি
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৪:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা-এ বীরমুক্তিযোদ্ধা রতন আলী মোল্যা-এর মালিকানাধীন দোকান ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে ওই জমিতে দোকানঘর থেকে আয় করে জীবনযাপন করলেও সম্প্রতি সেখানে ভাড়াটিয়াদের বাধা দেওয়া হচ্ছে এবং নতুন করে স্থাপনা নির্মাণের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরভদ্রাসন উপজেলা চত্বরের সামনে সদরপুর–চরভদ্রাসন আঞ্চলিক সড়কের পাশে রতন আলী মোল্যা ও তার স্ত্রী ইমারুন নেছার প্রায় সাড়ে ১০ শতাংশ জমি রয়েছে। ওই জমিতে কয়েক বছর আগে পাঁচটি দোকানঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হতো। তবে ২০১৯ সালে দোকানঘর সংস্কারের সময় প্রতিবেশী ইউসুফ হাওলাদার বাধা দেন এবং জমির একটি অংশ দাবি করেন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা চলতে থাকে এবং পূর্বের এক মামলায় ইউসুফ হাওলাদার পরাজিত হন বলে জানা যায়। পরবর্তীতে আদালত বিরোধপূর্ণ জমিতে স্থিতাবস্থা বজায় রাখতে নিষেধাজ্ঞা জারি করলেও অভিযোগ রয়েছে, সেই নির্দেশ অমান্য করে সম্প্রতি রাতের আঁধারে সেখানে দোকানঘর নির্মাণের কাজ শুরু করা হয়েছে।
বীরমুক্তিযোদ্ধা রতন আলী মোল্যার কন্যা রহিমা আক্তার অভিযোগ করেন, তার বাবা অসুস্থ ও দৃষ্টিশক্তিহীন অবস্থায় ঘরে পড়ে আছেন। দোকান ভাড়া থেকে পাওয়া আয়ে সংসার চললেও বর্তমানে ভাড়াটিয়াদের বাধা দেওয়ায় পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। ওষুধ ও চিকিৎসার খরচ জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে বলে তিনি জানান।
অন্যদিকে অভিযুক্ত ইউসুফ হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কারও জমি দখল করছেন না বরং নিজের জমিতে নির্মাণ কাজ করছেন। তার দাবি, অতীতে তার জায়গাও দখল করা হয়েছিল এবং বিষয়টি আদালতে চলমান। তিনি বলেন, “আইনের মাধ্যমেই বিষয়টির সমাধান হবে।”
১৩০ বার পড়া হয়েছে