মহিপুরে মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে জেলের মৃত্যু
সোমবার, ৮ জুন, ২০২৬ ১:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে বজ্রপাতে আঃ মান্নান হাওলাদার (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আঃ মান্নান হাওলাদার মম্বিপাড়া এলাকার মৃত সুলতান হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টার দিকে আঃ মান্নান হাওলাদার স্থানীয় কয়েকজনের সঙ্গে মম্বিপাড়া গ্রামের ৩৩ কানি এলাকায় মাছ ধরতে যান। মাছ ধরা শেষে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে ঘন ঘন বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন।
পরে তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. মেহেদী হাসান জানান, বজ্রপাতে তার বাবার বাম কানে আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় বিষয়টি আইনানুগ প্রক্রিয়ার জন্য মহিপুর থানাকে অবহিত করা হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ নিজ বাড়িতে রাখা হয়েছে।
এ বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনিমেষ হালদার বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, বর্ষা মৌসুমে দেশের উপকূলীয় এলাকায় বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পায়। আবহাওয়া খারাপ থাকলে খোলা মাঠ, জলাশয় ও নদীতে অবস্থান না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত সতর্কতা জারি করে থাকে।
১৩১ বার পড়া হয়েছে