শিবগঞ্জে জলমহল রক্ষার দাবিতে মৎস্যজীবীদের মানববন্ধন
শনিবার, ৬ জুন, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কর্ণখালী ব্রিজ এলাকায় বিলভাতিয়া জলমহল রক্ষা, মৎস্যচাষীদের বিরুদ্ধে কথিত হয়রানি বন্ধ এবং অভিযোগ তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সভাপতি আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ইউপি সদস্য আক্তারুল ইসলাম, আব্দুল মালেকসহ স্থানীয় মৎস্যচাষী ও বাসিন্দারা।
বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে মৎস্যচাষীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে এবং বিলভাতিয়া জলমহল দখলের চেষ্টা করছে। তাদের দাবি, জলমহলকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শন, হামলার ঘটনা এবং কলমুগাড়া এলাকায় অবৈধ বাঁধ নির্মাণের কারণে কৃষি ও মৎস্য খাত ক্ষতির মুখে পড়ছে।
মানববন্ধন থেকে প্রশাসনের কাছে বিলভাতিয়া জলমহল রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, মৎস্যচাষীদের হয়রানি বন্ধ এবং উত্থাপিত অভিযোগসমূহ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
অংশগ্রহণকারীরা কৃষি ও মৎস্যসম্পদ সুরক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।
১৫৫ বার পড়া হয়েছে