পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে নারী-শিশুসহ ১০ জনকে পুশইনের চেষ্টা, জিরো লাইনে উত্তেজনা
শুক্রবার, ৫ জুন, ২০২৬ ১১:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয়দের সহযোগিতায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ওই প্রচেষ্টা প্রতিহত করে।
বৃহস্পতিবার গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বাধীন বড়বাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার ভোরে বিজিবি সদস্যরা বিষয়টি জানতে পেরে পুশইনের চেষ্টা রুখে দেয়। পরে ওই ১০ জন ভারতীয় নাগরিক সীমান্তের জিরো লাইনে অবস্থান নেয়।
ঘটনার পর সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিএসএফ ও বিজিবির সদস্যদের মুখোমুখি অবস্থান করতে দেখা যায়। বিষয়টি সমাধানে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ১০ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হলে বিজিবি তা প্রতিহত করে। বর্তমানে তারা জিরো লাইনে অবস্থান করছে এবং বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক চলছে।
স্থানীয় বাসিন্দা আবু সাঈদ জানান, বৃহস্পতিবার রাতের বৃষ্টির সুযোগ নিয়ে বিএসএফ নারী ও শিশুসহ ১০ জন ভারতীয় নাগরিককে সীমান্ত পার করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির টহল দল তাদের বাধা দেয়। এরপর থেকে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ সদস্যদের মুখোমুখি অবস্থান এবং পতাকা বৈঠক চলতে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
১২৯ বার পড়া হয়েছে