নড়াইলে ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
শুক্রবার, ৫ জুন, ২০২৬ ৪:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয় জামায়াতে ইসলামীর টিম সদস্য আবুল কালাম আজাদ পাখিকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলা উপজেলার নলদী ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনার পর রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
আহত ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখির দাবি অনুযায়ী, তিনি দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় পরিষদের সামনে জ্বালানি কাঠ রাখা হচ্ছিল। তিনি বাইরে এসে জানতে চাইলে তাকে জানানো হয়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলের রান্নার জন্য ওই কাঠ আনা হয়েছে।
এরপর তিনি পুনরায় কার্যালয়ে ফিরে গেলে কিছুক্ষণ পর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আছাদুজ্জামানসহ তার অনুসারীরা সেখানে গিয়ে তাকে কিল-ঘুসি মারেন বলে অভিযোগ করা হয়। এতে তিনি চোখ, মাথা ও শরীরের বিভিন্ন অংশে আহত হন।
অভিযোগের বিষয়ে আছাদুজ্জামান দাবি করেন, তিনি বা তার লোকজন চেয়ারম্যানকে মারধর করেননি। তার ভাষ্য অনুযায়ী, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্থানীয় নেতাকর্মীরা রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় চেয়ারম্যান বাধা দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয় এবং সেখানে উপস্থিত লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।
অন্যদিকে, স্থানীয় জামায়াতে ইসলামীর নেতারা দাবি করেন, আবুল কালাম আজাদ পাখি ৫ আগস্টের আগেই জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে তিনি ইউনিয়ন জামায়াতের টিম সদস্য।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি জানা গেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৯১ বার পড়া হয়েছে