২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়ালো ৬০০
বুধবার, ৩ জুন, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের বুধবার (৩ জুন) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই ৭ শিশুর মৃত্যু হয়েছে।
নতুন মৃত্যুর ঘটনায় চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হাম-সদৃশ উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০১ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৫১১ জন এবং পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম সংক্রমণে মৃত্যু হয়েছে ৯০ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ফলে চলমান প্রাদুর্ভাব শুরুর পর থেকে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ১৯১ জন।
একই সময়ে আরও ১ হাজার ২১০ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৭২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতালভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১৫৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫ হাজার ৯৪২ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
১৭৬ বার পড়া হয়েছে