মুগদায় বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা ও শপথ কর্মসূচি
মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৮:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মুগদায় তরুণদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আলোচনা সভা ও শপথ কর্মসূচির আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।
মঙ্গলবার (২ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, তরুণ ও সংগঠনের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, তাদের নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধেও সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মাদকবিরোধী সচেতনতার কোনো বিকল্প নেই।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটন বলেন, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। তিনি বলেন, বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে তরুণদের নিয়ে মানবিক, সচেতনতামূলক ও সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তরুণদের নেতৃত্বেই একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বসুন্ধরা শুভসংঘ মুগদা থানা শাখার সভাপতি সোহান আহমেদ বলেন, মাদকবিরোধী সচেতনতা কোনো একদিনের কর্মসূচি নয়; এটি একটি চলমান সামাজিক আন্দোলন। তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
সংগঠনের সাধারণ সম্পাদক সাগর হোসেন বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় হুমকি। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আবদুল হান্নান মিলটনের সার্বিক নির্দেশনায় এবং সভাপতি সোহান আহমেদ ও সাধারণ সম্পাদক সাগর হোসেনের নেতৃত্বে কর্মসূচিটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে অংশগ্রহণকারীদের নিয়ে মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়। শপথে উপস্থিত সদস্যরা মাদকমুক্ত সমাজ গঠন, জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অঙ্গীকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি রানা হোসেন ও আল-আমিন সিয়াম, সাংগঠনিক সম্পাদক শাওন আহম্মেদ, ধর্মবিষয়ক সম্পাদক রাব্বি হোসেন, ক্রীড়া সম্পাদক মনির হোসেন, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আয়েশা আকন ও জিনিয়া আক্তার, অর্থবিষয়ক সম্পাদক ইমরান হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জিসান আলম, পাঠাগার ও বিতর্কবিষয়ক সম্পাদক রাফসান আহমেদ রিফাত, শিশু ও নারীকল্যাণবিষয়ক সম্পাদক লিজা আক্তার ও সোনালী আক্তার এবং প্রচার ও যোগাযোগবিষয়ক সম্পাদক রাতুল আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণরা মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন সামাজিক, সচেতনতামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার করেন।
১৭৩ বার পড়া হয়েছে