৩৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ৮ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা
সোমবার, ১ জুন, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশজুড়ে জ্যৈষ্ঠের তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রাজধানী ঢাকাসহ দেশের ৩৪টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
তবে সোমবার (১ জুন) দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল খুবই কম। সর্বোচ্চ ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে দেশের বেশির ভাগ অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, বর্তমানে দেশের ৩৪টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবারও গরম আবহাওয়া অব্যাহত থাকতে পারে, তবে তাপপ্রবাহের বিস্তৃতি কিছুটা কমতে পারে।
তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে। আগামী ৩ জুন থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এ সপ্তাহে টেকনাফ উপকূলে মৌসুমি বায়ু অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।
সোমবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
১৭৫ বার পড়া হয়েছে