সালথায় গাছ পড়ে ঘর ক্ষতিগ্রস্ত, বিরোধের জেরে দুই পরিবারের সংঘর্ষে আহত ১২
রবিবার, ৩১ মে, ২০২৬ ৪:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের সালথা উপজেলায় ঝড়ে গাছ পড়ে একটি ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা সাধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত বুধবারের ঝড়ে মুন্নু মোল্লার একটি বড় গাছ তুহিন মোল্লার ঘরের ওপর পড়ে যায়। এতে ঘরটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে মুন্নু মোল্লা নিজ উদ্যোগে ঘরটি মেরামত করে দেন।
তবে মেরামতের পরও ঘরের চালা দিয়ে বৃষ্টির পানি পড়ায় তুহিন মোল্লার সংরক্ষিত পেঁয়াজ ভিজে যায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ঘটনাটি সম্পর্কে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৪০ বার পড়া হয়েছে