সর্বশেষ

সারাদেশ

ঈদ-পরবর্তী সময়ে কুয়াকাটায় বাড়ছে পর্যটকের ভিড়

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শুক্রবার, ২৯ মে, ২০২৬ ৪:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে ঈদুল আজহার পর পর্যটকের আগমন ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ঈদের দিন প্রত্যাশিত ভিড় না থাকলেও শুক্রবার সকাল থেকে সৈকত এলাকায় পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে।

সৈকতের জিরো পয়েন্টসহ আশপাশের এলাকা—থ্রি রিভার মোহনা, লেম্বুর বন, ঝাউবন, শুটকি পল্লী ও গঙ্গামতির মতো জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে পর্যটকদের সরব উপস্থিতি দেখা গেছে। অনেকেই সমুদ্রের ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন, কেউ প্রিয়জনের সঙ্গে সৈকতে হাঁটছেন, আবার কেউ বালুর ওপর শিশুদের খেলাধুলা উপভোগ করছেন। পুরো এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

ঝিনাইদাহ থেকে আগত পর্যটক দম্পতি সোনিয়া ও শফিকুল জানান, আগের তুলনায় এবার পর্যটক কিছুটা কম হলেও সমুদ্রের বিশাল ঢেউ ও প্রাকৃতিক সৌন্দর্য তাদের ভীষণভাবে মুগ্ধ করেছে। তারা বলেন, কুয়াকাটা সবসময়ই ভ্রমণের জন্য দারুণ একটি জায়গা।

খুলনা থেকে আসা পর্যটক সোহেল আহসান জানান, বন্ধুদের সঙ্গে সৈকতে সময় কাটানো তাদের জন্য ছিল অসাধারণ অভিজ্ঞতা। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সাঁতার কাটা ও হইহুল্লোড় তাদের ভ্রমণকে আরও আনন্দময় করে তুলেছে।

কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি মো. মোতালেব শরীফ বলেন, গত বছরের তুলনায় এবার শুরুতে পর্যটকের সংখ্যা কিছুটা কম থাকলেও ধীরে ধীরে বুকিং বাড়ছে। বর্তমানে প্রায় ৫০ শতাংশ হোটেল বুকিং রয়েছে এবং পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ অঞ্চলের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, পর্যটকদের নিরাপত্তায় জিরো পয়েন্টসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ট্যুরিস্ট পুলিশের টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পাশাপাশি বিভিন্ন পর্যটন স্পটে টহল জোরদার করা হয়েছে।

কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও নৌ-পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। ফলে দর্শনার্থীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ উপভোগ করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সব মিলিয়ে ঈদ-পরবর্তী সময় ঘিরে কুয়াকাটায় আবারও পর্যটকের সমাগম বাড়ছে, যা স্থানীয় পর্যটন ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন