খুলনা সিটি করপোরেশনের পশুর হাটে ২ কোটি টাকার বেশি রাজস্ব আয়
শুক্রবার, ২৯ মে, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনা সিটি করপোরেশন পরিচালিত জোড়াগেট পশুর হাট থেকে এবার ২ কোটি ১৫ লাখ ৪৪ হাজার ২৩২ টাকা রাজস্ব আয় হয়েছে। ঈদুল আজহাকে সামনে রেখে সপ্তাহব্যাপী চলা এ হাটে মোট ৬ হাজার ৮৮০টি পশু বিক্রি হয়েছে।
খুলনা সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, বিক্রি হওয়া পশুর মধ্যে ছিল ৪ হাজার ৪৩৩টি গরু, ২ হাজার ২৭০টি ছাগল, ১৭৬টি ভেড়া এবং একটি মহিষ। খুলনা বিভাগের অন্যতম বড় এই পশুর হাটে বিভিন্ন জেলা থেকে পশু আনা হয়।
সিটি করপোরেশনের আইটি ম্যানেজার শেখ হাসান হাসিবুর হক জানান, গত বছরের তুলনায় এবার পশু বিক্রি ও রাজস্ব—দুই ক্ষেত্রেই বৃদ্ধি পেয়েছে। গত বছর সাত দিনে এ হাটে ৬ হাজার ৬৫১টি পশু বিক্রি হয়েছিল এবং সেখান থেকে প্রায় ২ কোটি ৭ লাখ টাকা আয় হয়েছিল।
তিনি আরও জানান, গত ২১ মে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু হাটটির উদ্বোধন করেন। ঈদের দিন সকাল পর্যন্ত হাটে কেনাবেচা চলেছে। ২০০৯ সাল থেকে প্রতি বছর ঈদের আগে নিজস্ব ব্যবস্থাপনায় এ পশুর হাট পরিচালনা করে আসছে খুলনা সিটি করপোরেশন।
খুলনা সিটি করপোরেশনের সুপারিনটেনডেন্ট ট্যাক্সেশন (বাজার) ও হাট পরিচালনা কমিটির সদস্যসচিব শেখ শফিকুল হাসান দিদার বলেন, নগরে পশু রাখার জায়গার সীমাবদ্ধতার কারণে অনেক ক্রেতা ঈদের এক বা দুই দিন আগে পশু কিনতে বেশি আগ্রহ দেখান। ফলে শেষ দুই দিন এবং ঈদের দিন সকাল পর্যন্ত হাটে কেনাবেচা সবচেয়ে বেশি হয়।
তিনি বলেন, এবারও পশু বিক্রির ওপর চার শতাংশ হারে হাসিল আদায় করা হয়েছে। পাশাপাশি ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা জোরদার করা হয়েছিল।
১৯৫ বার পড়া হয়েছে