বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জে নারীসহ ২ জনের মৃত্যু, আহত ২
শনিবার, ২৩ মে, ২০২৬ ৬:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। একই সময় ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রাঘাতে আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ শুরু হওয়া বৃষ্টি ও বজ্রপাতের সময় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়া গ্রামের মাইনুল ইসলামের স্ত্রী মানোয়ারা বেগম (৪০)। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে তিনি বাড়ির পাশে একটি বাগানে আম কুড়াতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অন্য ঘটনায় শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর-চালকিপাড়া গ্রামের আব্দুল মালেক (৪৫) ধানখেতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান বলে জানা গেছে।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, নিহত আব্দুল মালেকের পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এ ঘটনায় আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাদের পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গেছে।
১০৪ বার পড়া হয়েছে