বনানীতে আবাসিক এলাকায় ইয়াবা কারবারের অভিযোগ, উদ্বিগ্ন স্থানীয়রা
শনিবার, ২৩ মে, ২০২৬ ৪:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর বনানী এলাকার মহাখালী ‘গ’ ব্লকের শাকেরিয়া মাদ্রাসা গলিতে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা চলছে—এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত শরিফ নামের এক ব্যক্তির বিরুদ্ধে ইয়াবা ও গাঁজার কারবার পরিচালনার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, তার কর্মকাণ্ডে যুবসমাজ বিপথে যাচ্ছে এবং আবাসিক পরিবেশ নষ্ট হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফ অতীতে একাধিক মাদক মামলার আসামি ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেফতারও হয়েছিলেন। পরে জামিনে বেরিয়ে আবারও সক্রিয় হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তার বাসায় দিনরাত মাদকসেবী ও বহিরাগতদের আনাগোনা বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, এলাকার পরিবেশ আগের মতো নেই। বিশেষ করে কিশোর ও তরুণদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের অভিযোগ, প্রকাশ্যে মাদক কেনাবেচা হলেও নানা কারণে কেউ প্রতিবাদ করতে সাহস পান না।
এলাকাবাসীর আরও দাবি, কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় এই মাদক ব্যবসা টিকে আছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের তথ্য আগেই ফাঁস হয়ে যাওয়ায় অভিযুক্তরা সহজেই সতর্ক হয়ে যায় বলে অভিযোগ তাদের।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
স্থানীয়রা দ্রুত অভিযান চালিয়ে মাদক কারবার বন্ধ এবং আবাসিক এলাকার নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
১২০ বার পড়া হয়েছে