সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা, প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ২৩ মে, ২০২৬ ৩:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা দায়েরকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সদর থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শুক্রবার রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার প্রধান আসামি করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদকে। এছাড়া জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমনসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসির উদ্দীন পাটোয়ারীসহ এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ইট-পাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা করে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় নাসির উদ্দীন পাটোয়ারীসহ কয়েকজন আহত হন। পাশাপাশি একটি ডিএসএলআর ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগও আনা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে, ছিনতাই হওয়া ক্যামেরা ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা।

ঘটনার পর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে দাবি করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা চলে যাওয়ার সময় এনসিপির নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি দেয়।

অন্যদিকে মামলা দায়েরের পর সদর থানার সামনে অবস্থান নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তারা ছাত্রদল নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় থানার সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে জেলা বিএনপির নেতারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে বিক্ষোভকারীরা সরে যান। এরপর পুলিশি নিরাপত্তায় নাসির উদ্দীন পাটোয়ারীসহ সংশ্লিষ্ট নেতাদের থানা থেকে বের করে দেওয়া হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন