সর্বশেষ

সারাদেশ

নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

শুক্রবার, ২২ মে, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল ৯টার দিকে উপজেলার রাকুদিয়া গ্রামের হাজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুর নাম লাবিব। সে উজিরপুর উপজেলার ইচলাদী এলাকার মনির শেখ ও সালমা আক্তার দম্পতির একমাত্র সন্তান। জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে লাবিব তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে পরিবারের সদস্যদের অগোচরে খেলার সময় ছোট্ট লাবিব বাড়ির পাশের পুকুরঘাটে চলে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকাজুড়ে শোকের পরিবেশ তৈরি হয়। নাতির নিথর দেহ বুকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন নানা ইউনুস হাজী। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো বাড়ির পরিবেশ।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ধরনের কোনো তথ্য এখনো তাদের কাছে পৌঁছেনি। কেউ বিষয়টি পুলিশকে জানায়নি বলে তিনি উল্লেখ করেন।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন