গোপালগঞ্জে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু; বেঁচে গেলেন বেপারীরা
শুক্রবার, ২২ মে, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবাহী একটি ট্রাক খালে পড়ে যাওয়ার ঘটনায় চারটি গরুর মৃত্যু হয়েছে। তবে ট্রাকে থাকা বেপারী ও অন্যান্য যাত্রীরা অক্ষত রয়েছেন। শুক্রবার (২২ মে) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকায়, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে চুয়াডাঙ্গার শিয়ালমারি হাট থেকে আটটি গরু কিনে বরিশালের বানারীপাড়া উপজেলার বাওলিয়া হাটে নিয়ে যাচ্ছিলেন দুই বেপারী। পথে কাজুলিয়া এলাকায় পৌঁছালে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারান। এতে গরুবাহী ট্রাকটি সড়কের পাশের খালে পড়ে যায়।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারটি গরু মারা যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে বাকি চারটি গরুকে জীবিত উদ্ধার করেন। ট্রাকে থাকা লোকজন নিরাপদে থাকলেও দুর্ঘটনার পর চালক নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমের ঘোরে থাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যেতে পারে। নিহত চারটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে।
এদিকে, এর আগের রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খাসপাড়া এলাকায় ধানবোঝাই একটি ট্রাক খাদে পড়ে ১১ শ্রমিক আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
১৬৩ বার পড়া হয়েছে