নওগাঁয় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা, স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
শুক্রবার, ২২ মে, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নওগাঁর মহাদেবপুর উপজেলায় যৌতুকের দাবিকে কেন্দ্র করে রেহেনা আক্তার তুলি (২০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীসহ চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার উত্তরগ্রাম সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেহেনা আক্তার তুলি নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামের সোহেল রানার মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম সুলতানপুর গ্রামের কাসেম আলীর ছেলে রতন হোসেনের সঙ্গে রেহেনার বিয়ে হয়। তাদের সংসারে দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের দাবিতে রেহেনাকে নির্যাতন করা হতো বলে অভিযোগ পরিবারের।
নিহতের মামা মিলন হোসেন জানান, মেয়ের সংসার টিকিয়ে রাখতে ইতোমধ্যে প্রায় ৮০ হাজার টাকা যৌতুক হিসেবে দেওয়া হয়েছিল। এরপরও আরও টাকার জন্য চাপ সৃষ্টি করা হয়। সম্প্রতি নির্যাতনের মাত্রা বেড়ে গেলে বৃহস্পতিবার রাতে রেহেনাকে মারধর করা হয়। এতে তার মৃত্যু হলে ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচার করতে মরদেহ ঘরের ভেতরে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মহাদেবপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রেহেনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, নিহতের মামা বাদী হয়ে রেহেনার স্বামী রতন হোসেন, তার দুই ভাই সাগর হোসেন ও শহিদুল ইসলাম এবং তাদের মা জহুরা বেগমকে আসামি করে মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
১৭৭ বার পড়া হয়েছে