দলীয় নেতার ওপর হামলার প্রতিবাদে থানায় এমপির বিক্ষোভ, গ্রেপ্তার ২
শুক্রবার, ২২ মে, ২০২৬ ৯:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার ভাঙ্গুড়ায় জামায়াতের এক নেতার ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে থানায় বিক্ষোভ করেছেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার। একই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে ভাঙ্গুড়া থানা চত্বরে এমপির নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এর আগে রাত ৮টার দিকে উপজেলার খানমরিচ এলাকার কালিনজিরা ব্রিজের ওপর হামলার শিকার হন জামায়াত নেতা জিল্লুর রহমান।
আহত জিল্লুর রহমান উপজেলার দাসমরিচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য এবং সাবেক ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে জিল্লুর রহমানের সঙ্গে প্রতিপক্ষের বাকবিতণ্ডা হয়। পরে রাতে বাড়ি ফেরার পথে কালিনজিরা ব্রিজ এলাকায় তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় আহতের ভাই হাছেন প্রামাণিক বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় মামলা দায়ের করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলামিন হোসাইন জানান, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দাসমরিচ এলাকার আয়নাল (৬৫) ও তার ছেলে হাফিজুর রহমানকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১১৯ বার পড়া হয়েছে