রূপগঞ্জে জমি নিয়ে নিরাপত্তাহীনতায় ৩৮ সাবেক সেনা-নৌ কর্মকর্তা,সংবাদ সম্মেলনে নিরাপত্তা দাবী
শুক্রবার, ২২ মে, ২০২৬ ৯:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জমি ক্রয় করে বিপাকে পড়েছেন অবসরপ্রাপ্ত সেনা ও নৌবাহিনীর ৩৮ কর্মকর্তা। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী মহল তাদের জমি দখলের চেষ্টা করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১১টায় রূপগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের জীবনের নিরাপত্তা দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট আবু ইউসুফ মোল্লা, নৌবাহিনীর সাবেক পেটি অফিসার সৈয়দ রওশন আলী, জমিদাতা কাঁচা সোনা, লতা সরকার, মতিলাল সরকার ও নিখিল সরকারসহ অন্যরা।
ভুক্তভোগীদের দাবি, অবসরের পর জীবনের সঞ্চয় দিয়ে তারা রূপগঞ্জ উপজেলার কেয়ারিয়া মৌজার এসএ দাগ নম্বর ১২১, ১২২ ও ১২৩ এবং আরএস দাগ নম্বর ১৪০, ১৪১ ও ১৪২ এর আওতাভুক্ত ১৬ শতাংশ ৮০ পয়েন্ট জমি রেকর্ডভুক্ত মালিকদের উত্তরাধিকারীদের কাছ থেকে ক্রয় করেন। জমি কেনার আগে নামজারি, খাজনা ও মালিকানাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র যাচাই করা হয় বলেও জানান তারা।
অভিযোগে বলা হয়, জমি ক্রয়ের পর সেখানে বালু ভরাট করে ঘর নির্মাণ করা হলে প্রতিপক্ষের লোকজন সেটি ভেঙে ফেলে। এ ঘটনায় প্রতিবাদ জানালে জমিতে গেলে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগীরা আরও জানান, এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশ বরাবর সাধারণ ডায়েরি করা হয়েছে। পাশাপাশি আদালত থেকেও ওই জমির ওপর নিষেধাজ্ঞা নেওয়া হয়েছে।
তাদের অভিযোগ, এরপরও প্রতিপক্ষের লোকজন সাবেক সেনা ও নৌ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
১১৯ বার পড়া হয়েছে