বরগুনায় কোটি টাকার অবৈধ রেনুপোনা জব্দ, বিষখালী নদীতে অবমুক্ত
শুক্রবার, ২২ মে, ২০২৬ ৩:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বরগুনায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের অবৈধ গলদা ও বাগদা রেনুপোনা জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। বৃহস্পতিবার গভীর রাতে বরগুনা বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে দুটি ট্রাকে করে পাচারের সময় এসব রেনুপোনা আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে অভিযান পরিচালনা করে এনএসআই। এ সময় সন্দেহভাজন দুটি ট্রাক থামিয়ে তল্লাশি চালালে চালকরা অবৈধ রেনুপোনা বহনের বিষয়টি স্বীকার করেন। পরে ট্রাক দুটিতে থাকা ২২৭টি ড্রাম থেকে বিপুল পরিমাণ গলদা ও বাগদা রেনুপোনা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
পরে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সহযোগিতায় শুক্রবার ভোর ৫টার দিকে বড়ইতলা ফেরিঘাট এলাকায় বিষখালী নদীতে প্রায় ২২ লাখ ৭০ হাজার রেনুপোনা অবমুক্ত করা হয়।
এনএসআই’র যুগ্ম পরিচালক অমিত বড়ুয়া জানান, জব্দকৃত ট্রাক দুটি ও দুই চালককে বরগুনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, জেলা মৎস্য কর্মকর্তা জিয়া উদ্দিন আহমেদ ও এনডিসি সাইফুল ইসলামের উপস্থিতিতে নদীতে রেনুপোনা অবমুক্ত করার কার্যক্রম সম্পন্ন হয়।
২৪৪ বার পড়া হয়েছে