কক্সবাজারে লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
বুধবার, ২০ মে, ২০২৬ ১:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজার-এ সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় ১৮ আসামির মধ্যে ৪ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া বাকি ৫ জনকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন। একই ঘটনায় দায়ের হওয়া অস্ত্র আইনের পৃথক মামলায়ও আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় ১৮ আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন, অপর ৬ জন পলাতক ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী খোরশেদ আলম চৌধুরী জানান, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর গভীর রাতে ডুলহাজারা এলাকায় ডাকাতি দমনে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে অংশ নেওয়া বাংলাদেশ সেনাবাহিনী-এর ৩৯ এসটি ব্যাটালিয়নের কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ডাকাতদের ধাওয়া করতে গিয়ে দুজনকে আটক করার চেষ্টা করেন।
এসময় দুর্বৃত্তরা তাকে ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তাকে রামু সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় প্রদান করলেন।
১২৩ বার পড়া হয়েছে