অপরিকল্পিত খনন ও অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ
বুধবার, ২০ মে, ২০২৬ ২:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহে ধীরগতিতে ও অপরিকল্পিতভাবে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন এবং নদীজুড়ে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বেলা ১১টায় নগরীর জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে ময়মনসিংহের সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০১৯ সালে বিআইডব্লিউটিএ’র অধীনে প্রায় তিন হাজার কোটি টাকার একটি প্রকল্পের মাধ্যমে পুরাতন ব্রহ্মপুত্র নদ পুনরুদ্ধার ও নাব্যতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী ব্রহ্মপুত্রের উৎসমুখ থেকে কাপাসিয়ার টোক পর্যন্ত ২২৭ কিলোমিটার এলাকায় খনন কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও দীর্ঘ সাত বছরেও দৃশ্যমান অগ্রগতি হয়নি।
বক্তাদের দাবি, অপরিকল্পিতভাবে খনন কার্যক্রম পরিচালনার ফলে প্রকল্পের সুফল মিলছে না। খননের উদ্দেশ্য ছিল সারা বছর নৌযান চলাচল নিশ্চিত করা, কৃষি ও মৎস্যসম্পদ উন্নয়ন এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা। কিন্তু বাস্তবে নদীর নাব্যতা পুনরুদ্ধার তো দূরের কথা, পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে তারা অভিযোগ করেন।
তারা আরও বলেন, খননকৃত বালু নদীর পাড়ে ফেলে রাখার কারণে অনেক এলাকায় অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণ বেড়েছে। এতে নদীর স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হচ্ছে এবং ব্রহ্মপুত্র ধীরে ধীরে মৃতপ্রায় হয়ে পড়ছে। পরিবেশ, জীববৈচিত্র্য ও স্থানীয় মানুষের জীবিকার ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
বক্তারা অবৈধ বালু উত্তোলনের বিষয়েও তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে শত শত ট্রলারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর ভাঙন বৃদ্ধি পেয়েছে এবং নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে। ফলে ফসলি জমি ও বসতভিটা হারাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।
সমাবেশে বক্তারা খনন প্রকল্পের বর্তমান অগ্রগতি ও বাস্তব চিত্র জনসমক্ষে প্রকাশের দাবি জানান এবং নদী রক্ষায় দ্রুত কার্যকর ও পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ আশিক। এতে বক্তব্য রাখেন বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
১১৯ বার পড়া হয়েছে