ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ২:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
“অগ্নিযোদ্ধাদের একটাই অঙ্গীকার—নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা, অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা কিংবা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে জীবনবাজি রেখে তারা মানুষের সেবা করে যাচ্ছে। নিরাপদ নগরী ও সচেতন সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন ও প্রশাসনের মধ্যে আরও কার্যকর সমন্বয় প্রয়োজন। তিনি নগরের ঝুঁকিপূর্ণ স্থাপনা শনাক্ত করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতাউল কিবরিয়া, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ অন্যান্য অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে ফায়ার সার্ভিস সদস্যরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। মহড়ায় আগুন লাগার পর দ্রুত সাড়া দেওয়া, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ফায়ার সার্ভিসের পেশাদারিত্ব ও প্রস্তুতির প্রশংসা করেন। এতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিসের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
১৭২ বার পড়া হয়েছে