মোংলায় রাস্তা নির্মাণে বাধা ও খাল দখলের অভিযোগে সাত গ্রামের মানুষের বিক্ষোভ
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৫:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সরকারি রাস্তা নির্মাণ ও একটি গুরুত্বপূর্ণ খাল পুনরুদ্ধার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে মোংলার দিগরাজ এলাকার কাপালিরমেঠে সাত গ্রামের হাজারো মানুষের অংশগ্রহণে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে কাপালিরমেঠ–দোয়ানেরকুল এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে আশপাশের সাত গ্রামের নারী-পুরুষ, শ্রমিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার–ফেস্টুন নিয়ে জড়ো হন। পরে তারা স্থানীয় প্রভাবশালী ও ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ চলাচলের পথ দিয়ে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ যাতায়াত করেন। এর মধ্যে ইপিজেডে (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) কর্মরত শ্রমিক, শিক্ষার্থী এবং রোগী পরিবহনকারী সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। বর্ষাকালে কাদাপানিতে রাস্তাটি প্রায় অচল হয়ে পড়ায় চলাচল আরও কঠিন হয়ে ওঠে।
এ অবস্থায় সরকার ওই পুরাতন সড়কটি উন্নয়ন করে পাকা রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়। তবে এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও ভূমিদস্যু চক্র নির্মাণকাজে বাধা সৃষ্টি করছে এবং ঠিকাদারদের ভয়ভীতি প্রদর্শন করছে।
বিক্ষোভকারীরা আরও দাবি করেন, একই চক্র সরকারি একটি খাল অবৈধভাবে দখল করে বাঁধ দিয়ে মাছের ঘের তৈরি করেছে। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে বর্ষায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে কৃষি ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
সমাবেশে বক্তারা এসব কর্মকাণ্ডকে আইনবিরোধী ও জনস্বার্থবিরোধী উল্লেখ করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেন। তারা অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডের মূল নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় একজন প্রভাবশালী ব্যক্তি মো. নিজামুল হক।
বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস জানান, জনগণের চলাচলের পথ ও সরকারি খাল পুনরুদ্ধারে দ্রুত ব্যবস্থা নিতে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন স্থানীয়রা।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
১৪০ বার পড়া হয়েছে