চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা ও সীসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৪:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ৭টি ইটভাটা ও একটি সীসা কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে মোট ২৬ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে একটি ইটভাটার কিলন (চুল্লি) ভেঙে ধ্বংস করা হয় এবং একটি সীসা কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলার মরাপাগলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ছাড়পত্র ও ইটভাটা পরিচালনার বৈধ লাইসেন্স না থাকায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে টাইগার ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাদের কিলন এস্কেভেটর দিয়ে ভেঙে পানি দিয়ে নিভিয়ে ফেলা হয়। নিউ স্টার-২ ইটভাটাকে ১ লাখ টাকা এবং রোজ ব্রিকস, ডন ব্রিকস, আলো ব্রিকস, সেভেন স্টার ব্রিকস ও ফাইন ব্রিকসকে ৪ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে ইটভাটাগুলো থেকে মোট ২৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া সদর উপজেলার ফুলতলা কোচলাপাড়া এলাকার মেসার্স আলতা প্লাস্টিক অ্যান্ড মেটাল নামের একটি সীসা কারখানাকে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ জানান, ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ঢাকার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অভিযানে জেলা প্রশাসন, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১১৫ বার পড়া হয়েছে