সাংবাদিকদের নিয়ে মন্তব্য বিতর্কে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ওএসডি
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৫:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোল্লা মোহা. রুহুল আমিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়, যা মঙ্গলবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কুষ্টিয়া সরকারি কলেজের বর্তমান উপাধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল লতিফকে প্রতিষ্ঠানটির নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আগামী ২০ মে’র মধ্যে বর্তমান দায়িত্ব থেকে অধ্যক্ষ রুহুল আমিনকে অবমুক্ত হতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে তাকে স্বয়ংক্রিয়ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে বলে গণ্য করা হবে।
দীর্ঘদিন ধরে কলেজের প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে অধ্যক্ষ রুহুল আমিনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও বিতর্কিত আচরণের অভিযোগ ওঠে আসছিল বলে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশের দাবি। এর মধ্যে সম্প্রতি একটি ডিজিটাল মিডিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে কটূক্তিমূলক মন্তব্য করার ঘটনায় নতুন করে সমালোচনার মুখে পড়েন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই বক্তব্যে তাঁকে সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়। পরে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।
এ ঘটনার আগে গত ৭ মে কুষ্টিয়া সরকারি কলেজে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকে কেন্দ্র করে এক সংসদ সদস্যের উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই সময় শিক্ষার্থীরা নানা অভিযোগ তুলে বিক্ষোভ ও স্লোগান দেয়।
শিক্ষার্থীদের অভিযোগ ছিল, মাঠ প্রস্তুত করতে গিয়ে ক্যাম্পাসে থাকা বিভিন্ন গাছ কেটে ফেলা হয়েছে। এর প্রতিবাদে তারা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
এ বিষয়ে সদ্য ওএসডি হওয়া অধ্যক্ষ মোল্লা মোহা. রুহুল আমিন বলেন, ওএসডি হওয়া কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয় এবং এটি প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। তিনি আরও বলেন, বদলিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।
১৪২ বার পড়া হয়েছে