সর্বশেষ

মতামত

অসভ্যতার ভিড়ে আগামী প্রজন্মের ভবিষ্যৎ, চিন্তা, প্রাপ্তি ও প্রত্যাশা-

ন. নাহার আনছারী
ন. নাহার আনছারী

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৯:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
“অসভ্যতার ভিড়ে আগামী প্রজন্মের ভবিষ্যৎ”— কথাটি মাথায় আসতেই হাজার প্রশ্ন হুমড়ি খেয়ে পড়ে। কোন দিকে যাচ্ছে আমাদের আগামী প্রজন্ম? ভালো, মন্দ, মন্দের ভালো— নাকি গোঁজামিলে ভরা এক হযবরল বাস্তবতার দিকে?

আমরা এমন এক সমাজে বসবাস করছি, যেখানে সভ্যতার বাহ্যিক সাজসজ্জা দিন দিন বাড়ছে, কিন্তু মানুষের ভেতরের মানবিকতা যেন কোথাও ক্ষয়ে যাচ্ছে। প্রযুক্তির উন্নতি হয়েছে, শহর বড় হয়েছে, শিক্ষার হার বেড়েছে— তবুও মানুষের আচরণ, দায়িত্ববোধ ও মূল্যবোধের জায়গায় যেন বড় শূন্যতা তৈরি হচ্ছে। চারপাশে তাকালে মনে হয়, মানুষ যেন সমাজের কাছে পরাজিত এক সৈনিক; অন্যায় দেখে, কষ্ট পায়, কিন্তু পরিবর্তন আনার সাহস হারিয়ে ফেলেছে।

আজ এমন একটি সময় এসেছে, যখন অনেকেই শুধু নিজের সুবিধা নিয়ে ব্যস্ত। কারও কষ্ট, কারও অধিকার, কারও নিরাপত্তা— এসব যেন ধীরে ধীরে গুরুত্ব হারাচ্ছে। যার যা ইচ্ছা, তাই করে যাচ্ছে। লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। দুর্ঘটনার গল্প যেন প্রতিদিনের সংবাদ হয়ে উঠেছে। নিজের সন্তানকে মানুষ করতে না পারার দায় অনেকেই অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। সামাজিক অবক্ষয়ের নানা চিত্র আমাদের চোখের সামনে প্রতিনিয়ত স্পষ্ট হয়ে উঠছে।

উঠান বৈঠকে প্রয়োজনীয় আলোচনা কমে গিয়ে তুচ্ছ বিষয় নিয়ে ব্যস্ততা বাড়ছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্র— অনেক জায়গাতেই দায়িত্বের চেয়ে পদমর্যাদার প্রতি মায়া বেশি দেখা যায়। দায়িত্ববোধের জায়গায় উদাসীনতা, আর বিবেকের জায়গায় স্থান করে নিচ্ছে স্বার্থপরতা। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, আমরা অনেক সময় ভুলকে ভুল বলার শক্তিটুকুও হারিয়ে ফেলছি।

কিশোর অপরাধ কিংবা বিপথগামিতার যে জাল সমাজে বিস্তার লাভ করছে, তা শুধু কিছু পরিবারের সমস্যা নয়; এটি পুরো জাতির জন্য উদ্বেগের বিষয়। মুক্তির পথ যেন এখনও অজানা গন্তব্যে অপেক্ষমাণ।

এখন একটি প্রশ্ন অভিভাবক সমাজের কাছে রাখতে চাই— আগামী প্রজন্ম কী শিখছে? তারা কী দেখছে? তাদের জন্য আমরা কেমন সমাজ রেখে যাচ্ছি? তারা কি এমন একটি সমাজ পাবে, যেখানে সততা, সম্মান ও মানবিকতার মূল্য থাকবে? নাকি এমন এক পরিবেশে বড় হবে, যেখানে অন্যায়কে স্বাভাবিক বলে মেনে নিতে শেখানো হবে?

তবে ভবিষ্যৎ নিয়ে শুধু হতাশ হলে চলবে না। কারণ সমাজ নিজে নিজে তৈরি হয় না; সমাজ তৈরি হয় মানুষ দিয়ে। আজ আমরা যে আচরণ করছি, যে মূল্যবোধ সন্তানদের সামনে তুলে ধরছি, আগামী দিনের সমাজও অনেকটা তার উপর দাঁড়াবে। তাই পরিবর্তনের দায়িত্ব শুধু রাষ্ট্র বা প্রতিষ্ঠানের নয়, প্রতিটি মানুষেরও।

আগামী প্রজন্মকে নিয়ে ভয় নয়, দায়িত্ববোধই হওয়া উচিত আমাদের সবচেয়ে বড় চিন্তা। কারণ আজ আমরা যা বপন করছি, আগামীকাল তারই ফল তারা পাবে। প্রতিটি মানুষের উচিত নিজের সন্তানকে সুশিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা।

আশা করি অবাধ্য সমাজ একদিন বদলাবে। আজ থেকেই শুরু হোক বদলের গান। কারণ প্রত্যাশা কখনও বেঈমানি করে না।

লেখক: কবি ও আইনজীবী

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
মতামত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন