কুয়াকাটায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষিকার বসবাস, পাঠদান ব্যাহত
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় ১৩৯ নং ফাঁসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ দখল করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিউলী পারভিন ও তার স্বামী, ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুর রব সিদ্দিকী।
অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের বেঞ্চসহ নানা উপকরণ ব্যবহার করে কক্ষটিকে বসবাস উপযোগী করা হয়েছে। এতে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
সূত্র জানায়, বিদ্যালয়ে পাঠদান চলাকালীন সময়েও ওই কক্ষে রান্নাসহ পরিবারের সব গৃহস্থালি কাজ করা হচ্ছে। দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে চলা এ ধরনের কর্মকাণ্ডে পুরো বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তবে সাবেক ওই প্রধান শিক্ষকের ভয়ে কোনো অভিভাবক বা শিক্ষক এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে না চাইলেও তারা ওই কক্ষটি থেকে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. শাহিদা বেগম বলেন, “বিষয়টি আমি এখনই জেনেছি। এ বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ বলেন, “এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
২৯৭ বার পড়া হয়েছে