৫৬ টাকায় পুলিশে চাকরি: পটুয়াখালীতে নিয়োগ পেলেন ২৯ জন
সোমবার, ১৮ মে, ২০২৬ ১২:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীতে কোনো ধরনের তদবির বা ঘুষ ছাড়াই শুধুমাত্র শারীরিক সক্ষমতা ও মেধার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন ২৯ জন চাকরিপ্রার্থী। মাত্র ৫৬ টাকা খরচে চাকরি পাওয়ায় আনন্দে ও আবেগে ভেঙে পড়েন অনেকেই।
সোমবার সকালে পটুয়াখালী পুলিশ লাইন্সে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর পটুয়াখালীতে ২৯টি পদের বিপরীতে আবেদন করেন ২ হাজার ১৩৯ জন প্রার্থী। সাতটি ধাপের শারীরিক পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন ৪১৮ জন। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন ৯৩ জন প্রার্থী। সবশেষে ভাইভা শেষে ২৯ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয় এবং অপেক্ষমাণ রাখা হয় আরও ৫ জনকে।
স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত এই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক প্রার্থী। তারা জানান, অভাব-অনটনের মধ্য দিয়ে বেড়ে ওঠা তাদের পরিবারের জন্য এটি এক বড় অর্জন।
নিয়োগপ্রাপ্ত লামিয়া আক্তার বলেন, “আমার বাবা একজন অটোরিকশাচালক। মাত্র ৫৬ টাকায় আমি চাকরি পেয়েছি। আজ আমি খুব খুশি। আশা করি, এই চাকরির মাধ্যমে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে পারব।”
আরেক প্রার্থী মো. লিমন খান বলেন, “আমার বাবা একজন কৃষক। অনেক কষ্ট করে তিনি আমাদের বড় করেছেন। কোনো ঘুষ বা দুর্নীতি ছাড়াই মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি। এতে আমি যেমন খুশি, আমার পরিবারও অনেক আনন্দিত।”
পরে নবনিযুক্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার মো. আবু ইউসুফ। এ সময় তিনি বলেন, “যোগ্যতার ভিত্তিতেই তাদের চাকরি দেওয়া হয়েছে। বর্তমানে একটি চাকরি পেতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই।”
১২১ বার পড়া হয়েছে