লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি, ভারী বর্ষণের শঙ্কা
সোমবার, ১১ মে, ২০২৬ ৮:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
চলতি সপ্তাহজুড়ে দেশের অধিকাংশ এলাকায় কমবেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার বেলা ১১টায় আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত সতর্ক বার্তায় বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি হতে পারে এবং এই পরিস্থিতি কয়েকদিন স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে আগামী ১৩ মে বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ১৬ মে শনিবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে সিলেট বিভাগের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের পাশাপাশি পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বজ্রমেঘের প্রভাবে রোববার থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে এবং আগামী দিনগুলোতে এর তীব্রতা আরও বাড়তে পারে। মঙ্গলবার থেকে রংপুর বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে সারাদেশেই কমবেশি বৃষ্টি হতে পারে। তবে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। এই পরিস্থিতি কয়েকদিন স্থায়ী হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিয়ে আরও স্পষ্ট ধারণা পেতে অন্তত ২৪ ঘণ্টা সময় লাগবে। এরপর বোঝা যাবে এটি আরও শক্তিশালী হবে কিনা এবং শক্তিশালী হলে উপকূলের কোন অঞ্চলে প্রভাব ফেলতে পারে।
১২৩ বার পড়া হয়েছে