খুব অস্বাস্থ্যকর বায়ুতে বিশ্বের দূষিত শহরের শীর্ষে ঢাকা, পাঁচ এলাকায় পরিস্থিতি ভয়াবহ
সোমবার, ১১ মে, ২০২৬ ৩:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাধারণত মে মাসে রাজধানী ঢাকার বায়ুর মান কিছুটা উন্নতির দিকে থাকে। তবে এবার উল্টো চিত্র দেখা যাচ্ছে। বৃষ্টির মৌসুম শুরু হলেও বায়ুদূষণ কমার বদলে বেড়েই চলেছে। সোমবার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ২০৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। সাধারণত বায়ুমানের সূচক ২০০ অতিক্রম করলে তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে ধরা হয়।
বিশ্বের ১২২টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল এক নম্বরে। বিশেষ করে রাজধানীর পাঁচটি এলাকায় বায়ুদূষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি।
দূষণের তালিকায় সবার ওপরে রয়েছে বেচারাম দেউড়ী, যেখানে AQI রেকর্ড করা হয়েছে ২৭৬। এরপর রয়েছে আগারগাঁও (২৭১), বারিধারা পার্ক রোড (২১৯), দক্ষিণ পল্লবী (২০৯) এবং গুলশান লেক পার্ক (২০৮)।
বিশেষজ্ঞরা বলছেন, এপ্রিলের পর সাধারণত বৃষ্টিপাত শুরু হলে বাতাসের মান উন্নত হতে থাকে। কিন্তু এ বছর মে মাসেও দূষণের মাত্রা উদ্বেগজনক অবস্থায় রয়েছে, যা নগরবাসীর জন্য বাড়তি স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
এ অবস্থায় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির সুপারিশ অনুযায়ী, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা, খোলা জায়গায় শরীরচর্চা এড়িয়ে চলা এবং ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় এমন দূষিত বাতাসে অবস্থান করলে শ্বাসকষ্ট, চোখ জ্বালা, মাথাব্যথা এবং হৃদ্রোগের ঝুঁকি বাড়তে পারে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
১২০ বার পড়া হয়েছে