হামে আরো গেল ১১ প্রাণ, দেশজুড়ে ৫৫ দিনে ৪০৯ শিশুর মৃত্যু
রবিবার, ১০ মে, ২০২৬ ২:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে আরও চার শিশু মারা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও সাতজন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গেল ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত ৫৫ দিনে সারাদেশে হাম আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৪০৯ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুলেটিনে বলা হয়েছে, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ২৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আরও ৩৪৪ জন মারা গেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য সংশ্লিষ্ট সিভিল সার্জন অফিসের সঙ্গে সমন্বয় করে হামের উপসর্গজনিত মৃত্যুর এই নতুন পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
বিভাগভিত্তিক হিসেবে, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ১৩৮ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। রাজশাহী বিভাগে মারা গেছে ৭৮ জন। এছাড়া বরিশালে ২৯ জন, চট্টগ্রামে ২৭ জন, ময়মনসিংহে ২৬ জন, সিলেটে ২৪ জন, খুলনায় ১৪ জন এবং রংপুর বিভাগে ৪ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৫ জন হাম আক্রান্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ৫০৩ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে ১ হাজার ২৭৮ জন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময়ে হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৫৬ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে, আর সবচেয়ে কম ৪৪ জন ভর্তি হয়েছে চট্টগ্রামে।
সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪৯ হাজার ১৫৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৬ হাজার ৮১৯ জনের হাম শনাক্ত হয়েছে।
১২৩ বার পড়া হয়েছে