খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের
রবিবার, ১০ মে, ২০২৬ ৬:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
খাল পুনঃখনন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, সরকারের অগ্রাধিকারমূলক এই উন্নয়ন প্রকল্পটি স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে এবং প্রতিটি পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
রোববার (১০ মে) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা এলাকায় আরেকটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী জানান, বোয়ালমারীতে খাল পুনঃখননের জন্য প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ একটি খালের জন্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৩ লাখ টাকা। প্রকল্পের আওতায় প্রতিদিন প্রায় ৩৮০ জন শ্রমিক কাজের সুযোগ পাবেন এবং তাদের মজুরি সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ করা হবে, যাতে কোনো অনিয়মের সুযোগ না থাকে।
তিনি আরও বলেন, প্রকল্পের প্রতিটি তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে যাতে স্থানীয় জনগণ স্বচ্ছভাবে উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারে। এ জন্য দ্রুত প্রকল্প এলাকায় তথ্যসম্বলিত সাইনবোর্ড স্থাপনের নির্দেশও দেন তিনি।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পানি ব্যবস্থাপনা উন্নয়নে খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্ষাকালে অতিরিক্ত পানি নিষ্কাশন এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে প্রকল্পের দীর্ঘমেয়াদি সুফল পেতে নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা এবং সাবেক সংসদ সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
১২২ বার পড়া হয়েছে