বিনিয়োগবান্ধব রাষ্ট্র গঠনে ওয়ানস্টপ সলিউশনের পরিকল্পনা: মাহাদী আমিন
রবিবার, ১০ মে, ২০২৬ ১:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশে বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সরকারের বৃহত্তর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিন।
তিনি বলেন, নতুন কোনো প্রতিষ্ঠান নিবন্ধনের ক্ষেত্রে যাতে দুর্নীতির সুযোগ না থাকে, সে লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি একাধিক ট্রেড লাইসেন্সের প্রয়োজনীয়তা কমিয়ে স্ট্রিমলাইন প্রক্রিয়ার মাধ্যমে ওয়ানস্টপ সলিউশন নিশ্চিত করতে চায় সরকার।
রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জেলার শিল্পাঞ্চলে সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি প্রদান বিষয়ক এ সভার আয়োজন করা হয়।
এর আগে বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন মাহাদী আমিন।
তিনি আরও বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের মূল ভিত্তি হবে কর্মসংস্থান সৃষ্টি। কীভাবে দেশের মানুষের জন্য বেশি কর্মসংস্থান তৈরি করা যায়, সে বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হবে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।
১২২ বার পড়া হয়েছে