ময়মনসিংহে মাহেন্দ্র থেকে তেল চুরির ঘটনায় শ্রমিক মারধরের অভিযোগ
রবিবার, ১০ মে, ২০২৬ ১:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রীজ মোড় এলাকার সিএনজি স্ট্যান্ডে মাহেন্দ্র গাড়ি থেকে তেল চুরির ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক মারধরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হওয়ার পর শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ মে ব্রীজ মোড় এলাকার সিএনজি স্ট্যান্ডে তারাকান্দা সড়কে চলাচলকারী ফজলুর রহমানের একটি মাহেন্দ্র গাড়ি থেকে তেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় রানা নামের এক ব্যক্তিকে দায়ী করা হলে তর্কবিতর্কের একপর্যায়ে চালককে মারধর করা হয়।
শ্রমিকদের দাবি, ঘটনার পর স্থানীয় যুবলীগ কর্মী কালন, স্বেচ্ছাসেবক লীগ কর্মী রাব্বী এবং একাধিক চুরি মামলার আসামি রানা মিলে একটি চক্র গড়ে তোলে। তারা তেল চুরির প্রতিবাদকারীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে শ্রমিক পরিচয়ে বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে। তবে প্রকৃতপক্ষে তারা শ্রমিক সংগঠনের সদস্য নন বলে অভিযোগ করেন শ্রমিকরা।
স্থানীয় শ্রমিক সংগঠনের সদস্য কাজী সোহেল বলেন, “তেল চুরির ঘটনায় রানার পক্ষ নিয়ে কালন ও রাব্বী কয়েক দফায় শ্রমিকদের মারধর করেছে। আমরা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”
সিএনজি অটোরিকশা চালক মো. সবুজ মিয়া জানান, ভয়ভীতি দেখিয়ে শ্রমিকদের নিয়ন্ত্রণে নিতে একাধিকবার মারধরের ঘটনা ঘটানো হয়েছে। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ তৈরি হয়েছে।
রোববার (১০ মে) দুপুরে সরেজমিনে গিয়ে যুবলীগ কর্মী কালন ও স্বেচ্ছাসেবক লীগ কর্মী রাব্বীর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলামের বক্তব্য জানা যায়নি।
তবে থানা-পুলিশ সূত্র জানিয়েছে, সিএনজি স্ট্যান্ডের ঘটনাকে কেন্দ্র করে থানায় দুটি অভিযোগ জমা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১১৮ বার পড়া হয়েছে