শরিয়াহ আইন বাস্তবায়নে ডাবল স্ট্যান্ডের বিপক্ষে সরকার: ত্রাণমন্ত্রী
রবিবার, ১০ মে, ২০২৬ ১:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভিন্নমতই গণতন্ত্রের মূল ভিত্তি। তবে শরিয়াহ আইন বাস্তবায়নের প্রশ্নে দ্বৈত অবস্থান বা “ডাবল স্ট্যান্ড” গ্রহণের পক্ষে সরকার নয়।
তিনি বলেন, “আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের ম্যান্ডেট দিয়েছে, তা যথাযথভাবে বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য।”
রোববার (১০ মে) বিকেলে কুড়িগ্রাম প্রেস ক্লাব–এর নির্মাণাধীন ভবনের নিচতলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন–এর আরাজী পলাশবাড়ী এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী।
মতবিনিময় সভায় তিনি বলেন, কুড়িগ্রামকে এখনো দেশের একটি পশ্চাৎপদ জেলা হিসেবে দেখা হয়। এই জেলার উন্নয়নে জনপ্রতিনিধি ও গণমাধ্যম—উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকরা গঠনমূলক ও সঠিক সমালোচনা করলে জনপ্রতিনিধিরা দায়িত্বশীল থাকেন, যা দেশ ও এলাকার উন্নয়নে সহায়ক হয়।
সাংবাদিকদের উদ্দেশে ত্রাণমন্ত্রী বলেন, সত্যতা যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ সাংবাদিকতার মান উন্নত করার পাশাপাশি এলাকার উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, “একটি তিস্তা নদীর কারণে কীভাবে একটি জনপদ পিছিয়ে পড়তে পারে, তার উদাহরণ রংপুর বিভাগ। অথচ নদীকেন্দ্রিক সভ্যতা গড়ে ওঠার কথা ছিল।”
সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।
এ সময় জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, উন্নয়নকর্মী এবং জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান ও শফিকুল ইসলাম বেবুসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এবং কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক।
এর আগে সকালে লালমনিরহাটে নিজ বাসভবন থেকে সড়কপথে কুড়িগ্রামে পৌঁছান ত্রাণমন্ত্রী। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান নালিয়ারদোলা এলাকা পরিদর্শন শেষে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন।
১২০ বার পড়া হয়েছে