বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব, পশ্চিমবঙ্গে নতুন ভূমিকায় তৃণমূল
রবিবার, ১০ মে, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। শনিবার (৯ মে) রাতে দলীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে চীফ হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিরহাদ হাকিম। ডেপুটি লিডার করা হয়েছে অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে।
দীর্ঘ প্রায় দেড় দশক ক্ষমতায় থাকার পর এবার বিধানসভায় প্রধান বিরোধী দলের আসনে বসছে তৃণমূল। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজেপির কাছে বড় ব্যবধানে পরাজিত হয়ে দলটি ৮০টি আসন পেয়েছে।
অন্যদিকে, ২০৭টি আসনে জয় পেয়ে পশ্চিমবঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে তার সঙ্গে আরও পাঁচজন মন্ত্রী শপথ গ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল ও নিশীথ প্রামাণিক।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে বিরোধী দলনেতার দায়িত্ব পালন করা শুভেন্দু অধিকারী এবার রাজ্যের শাসনভার গ্রহণ করলেন। এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত কেন্দ্র ছিল ভবানীপুর। সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেন শুভেন্দু অধিকারী।
১১৭ বার পড়া হয়েছে