পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
শনিবার, ৯ মে, ২০২৬ ৭:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে শপথ নিয়েছেন তাঁর মন্ত্রিসভার সদস্যরাও।
কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় (বাংলাদেশ সময় সাড়ে ১১টা) শপথ অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ সময় দুপুর ১২টার কিছু পর রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেন্দুকে অভিনন্দন জানান এবং তাঁর পিঠ চাপড়ে শুভেচ্ছা প্রকাশ করেন।
নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। এ খবর প্রকাশ করেছে এনডিটিভি, আনন্দবাজার ও এবিপি আনন্দ।
অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছাদখোলা গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এ সময় তাঁরা উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শপথ মঞ্চে উঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদি। পরে জাতীয় সংগীত পরিবেশিত হয়।
শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান ও জেপি নাড্ডাকেও মঞ্চে দেখা যায়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবীশ, আসামের হিমন্ত বিশ্বশর্মা, ত্রিপুরার মানিক সাহা, দিল্লির রেখা গুপ্ত, বিহারের সম্রাট চৌধুরী এবং উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বিধায়ক অগ্নিমিত্রা পাল, অভিনেতা মিঠুন চক্রবর্তীসহ কেন্দ্র ও রাজ্যের বিজেপির শীর্ষ নেতারা। কলকাতা এবং দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে যোগ দেন। পশ্চিমবঙ্গের সব জেলা থেকে বিজেপির নেতা-কর্মীরাও শপথ অনুষ্ঠান উপলক্ষে কলকাতায় সমবেত হন।
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে দীর্ঘদিনের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে সরকার গঠনের সুযোগ পায় বিজেপি। এর মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন একসময় তাঁর ঘনিষ্ঠ সহযোগী এবং বর্তমানে বিজেপির পরিষদীয় দলের নেতা শুভেন্দু অধিকারী।
এর আগে শুক্রবার সন্ধ্যায় শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে রাজ্যপাল আর এন রবির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁর সঙ্গে বিজেপির রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। সেখানে তিনি বিজেপির ২০৭ জন নবনির্বাচিত বিধায়কের স্বাক্ষরসংবলিত সরকার গঠনের দাবি-পত্র রাজ্যপালের কাছে জমা দেন।
শুক্রবার কলকাতার নিউ টাউনের কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত ২০৭ বিধায়ককে নিয়ে পরিষদীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠক শেষে শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন তিনি।
১২২ বার পড়া হয়েছে