সর্বশেষ

সারাদেশ

পোড়া মবিলে বিকল্প ডিজেল, কুষ্টিয়ার উদ্ভাবক মনিরুলের দাবি ঘিরে আলোচনা

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শনিবার, ২ মে, ২০২৬ ৭:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে কৃষকেরা যখন নানা সমস্যায় পড়েছেন, ঠিক সেই সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক পোড়া মবিল থেকে বিকল্প ডিজেল তৈরির দাবি করে আলোচনায় এসেছেন।

উদ্ভাবক মনিরুল ইসলাম জানান, বিশেষ ধরনের একটি বুস্টার উপাদান মিশিয়ে তিনি এই জ্বালানি তৈরি করছেন, যা ডিজেলচালিত ইঞ্জিনে ব্যবহারযোগ্য। তাঁর ভাষ্য অনুযায়ী, পোড়া মবিলের সঙ্গে মাত্র ১০০ মিলিগ্রাম বুস্টার মিশিয়েই এই বিকল্প জ্বালানি তৈরি করা সম্ভব।

তিনি তাঁর উদ্ভাবনের নাম দিয়েছেন ‘মেথড অব অলটারনেটিভ ডিজেল’ (ম্যাড)। মনিরুল ইসলামের মতে, চারটি উপাদানে তৈরি এই মিশ্রণটি মূলত বুস্টার হিসেবে কাজ করে এবং ডিজেলের বিকল্প হিসেবে কার্যকর হতে পারে।

তিনি আরও জানান, ২০০৭ সাল থেকে তিনি ডিজেল ইঞ্জিন নিয়ে কাজ শুরু করেন। সে সময় তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরে চাকরি ছেড়ে গবেষণায় মনোনিবেশ করেন। চীনসহ বিভিন্ন স্থানে কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দীর্ঘদিনের প্রচেষ্টার পর কয়েক মাস আগে তিনি এর কার্যকর প্রয়োগে সফল হয়েছেন বলে দাবি করেন।

স্থানীয় কৃষক আকরাম হোসেন বলেন, পাঁচ লিটার পোড়া মবিলের সঙ্গে ১০০ মিলিগ্রাম বুস্টার মিশিয়ে প্রায় সাত লিটার ডিজেলের সমপরিমাণ কাজ পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে সেচ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে বলে তিনি জানান।

তবে এই জ্বালানির দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল ও কলেজের ফার্ম মেশিনারি বিভাগের প্রধান জাহিদুল হক বলেন, এটি সাশ্রয়ী উদ্যোগ হলেও ইঞ্জিনের ক্ষতির ঝুঁকি থাকতে পারে। যথাযথ পরীক্ষামূলক যাচাই ছাড়া এর ব্যবহার সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

এদিকে দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন জানিয়েছেন, কৃষি অফিসের তত্ত্বাবধানে মাঠপর্যায়ে এই জ্বালানির কার্যকারিতা যাচাই করা হচ্ছে। এটি সফল হলে কৃষকদের উৎপাদন খরচ কমতে পারে বলে তিনি মনে করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ বলেন, ডিজেলের সংকটের প্রেক্ষাপটে এ ধরনের উদ্যোগ সম্ভাবনাময়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জ্বালানি সংকটের এই সময়ে এমন উদ্ভাবন কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন