কুষ্টিয়ায় মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শুক্রবার, ১ মে, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন মহান মে দিবস উপলক্ষে কুষ্টিয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১০টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী চত্বরে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে জেলা মোটর শ্রমিকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত’—এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় বক্তারা বলেন, দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের আত্মত্যাগ বিশ্ব শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাদের সেই সংগ্রাম ও আত্মদানের মাধ্যমেই আজ শ্রমিকদের আট ঘণ্টা কর্মদিবসের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, যা এখনো শ্রমজীবী মানুষের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।
বক্তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
১৪৬ বার পড়া হয়েছে